আর মাত্র দু’দিন পর চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচন। নির্বাচন উপলক্ষে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে আনোয়ারা ও পশ্চিম পটিয়ার গ্রামগঞ্জ। জাতীয় নির্বাচন সামনে, তাই প্রার্থীরা ভোটারদের সময় দিয়ে নিজের অবস্থান আরো মজবুত করছেন। ভোটারদের অনেকেই একতরফা নির্বাচনের আভাস দিলেও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত সংসদ সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এ নির্বাচনকে গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি বলেছেন, আনোয়ারা এবং পশ্চিম পটিয়ার মানুষ তার বাবাকে সমর্থন দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের এ সমর্থনের মূল্য ধরে রাখা তার কর্তব্য। এ নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক।
এদিকে উপ-নির্বাচনে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, আখতারুজ্জামান চৌধুরীর মৃত্যুর পর এ আসনটি শূন্য হয়।
উপ-নির্বাচনে মোট ছয়জন মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশন দু’জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দেয়। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ (আওয়ামী লীগ), উজ্জ্বল ভৌমিক (গণফোরাম), তপন চক্রবর্তী (স্বতন্ত্র), জালালউদ্দিন আহমেদ (স্বতন্ত্র), মিজানুর রহমান (স্বতন্ত্র) ও আব্দুল আলীম নিজামী (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেন।
