রাশিয়া আমাদের প্রকৃত বন্ধু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যখন সোভিয়েত ইউনিয়ন আমাদের মানুষদের পাশে দাঁড়িয়েছিল, তখনই সেটা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে।” রাশিয়া সফরকে সামনে রেখে রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইতারতাসকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যমটি সোমবার এ সাক্ষাত্কার প্রকাশ করে । প্রধানমন্ত্রী রাশিয়ার তত্কালীন নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “প্রতিবার যুদ্ধের কথা মনে করার সময় আমরা রাশিয়ার সাহায্যের কথাও স্মরণ করি।” রাশিয়া সফর নিয়ে খুবই আশাবাদী জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অবশ্যই এর ফলে আমাদের ভবিষ্যত্ সম্পর্ক আরও মজবুত হবে।” “সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের পরও চট্টগ্রাম বন্দর থেকে বিস্ফোরক অপসারণ করতে সহায়তা করেছে।” সেসময় নিহত তিন সোভিয়েত ডুবুরিকে স্মরণ করে তিনি বলেন, “আমরা এখনও সেসব ভুলে যাইনি। এসব ঘটনা মনে রাখা আমরা আমাদের কর্তব্য মনে করি।” জাতিসংঘেও সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দিয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “যারা আমাদের প্রয়োজনে ভুলে যায়নি, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের কর্তব্য।” ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই দাবি করে তিনি বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই সবার সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন।” দারিদ্র্যকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, “আমরা সার্কের মাধ্যমে একত্রে কাজ করার চেষ্টা করছি। আমি বন্ধুত্বের শক্তিতেই বিশ্বাসী, শত্রুতা কোনো সমাধান নয়।”