বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে মামলার কার্যক্রম মুলতবি চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আবেদনটি খারিজ করে দেয়। গতকাল এ আবেদনের উপর শুনানি করেন সালাহউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক হেনা। তিনি বলেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক প্রধান বিচারপতি নিজামুল হকের সঙ্গে স্কাইপ কথোপকথনের মাধ্যমে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বেলজিয়াম প্রবাসী আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না; সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল-২। গত ৩ জানুয়ারি ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে জবাব দিতে ড. আহমেদ জিয়াউদ্দিনকে ৩০ দিনের সময় দেয়া হয়েছে। কারণ দর্শানোর বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি চান তিনি। তবে শুনানি শেষে দুপুরের পর আবেদনটি খারিজ করে দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, বিচারপতি নিজামুল হকের সঙ্গে আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ কথোপকথনের খবর প্রকাশের পর গত ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। এদিকে, সালাউদ্দিন কাদেরের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না সে বিষয়ে জানতে চেয়ে নোটিস জারি করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাকে এ নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
বেলজিয়াম প্রবাসী আইনজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ কথোপকথনের উপর ভিত্তি করে গত ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে একটি আবেদন করেন ফখরুল ইসলাম। এ কথোপকথনের সঙ্গে ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান ও সদস্যদের কারো যোগাযোগ রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। এ আবেদনের বিষয়ে গতকাল দেয়া আদেশে বলা হয়, চাইলেই কেউ বিচারকের ব্যক্তিগত বিষয়ে জানতে চাইতে পারেন না। ইচ্ছাকৃতভাবে করা এ আবেদনের জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে তিন সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। অন্যদিকে, একই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুমের অপসারণের বিষয়ে সালাহউদ্দিন কাদের ও জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের করা পৃথক দুটি আবেদনের শুনানি হয়েছে।
আদালত অবমাননা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন সুরঞ্জিত
আদালত অবমাননার অভিযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মন্ত্রী (দপ্তরবিহীন) সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল তার আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মাধ্যমে এই লিখিত জবাব জমা দেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারাধীন মামলার রায় নিয়ে মন্তব্য করায় গত ২৪ ডিসেম্বর সুরঞ্জিত সেনগুপ্তের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল-২।
কাদের মোল্লার পক্ষে যুক্তি উপস্থাপন অব্যাহত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ গতকাল আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীকে আজ ১২টার মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করতে বলা হয়েছে।
