ডেন্টাল হেলথ্ টেকনোলজির শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:২৪
কোর্সের নাম পরিবর্তনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বিএসসি ইন হেলথ্ টেকনোলজির (ডেন্টাল) শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিএসসি ইন হেলথ্ টেকনোলজির (ডেন্টাল) পাসকৃত ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি প্রতিনিধিদল এ স্মারকলিপি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার সামনে পড়ে। পরে শিক্ষার্থীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে শাহবাগে ফিরে আসেন। প্রতিনিধি দলের দুপুর আড়াইটায় শাহবাগে ফেরা পর্যন্ত সেখানেই শিক্ষার্থীরা অবস্থান করেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- বর্তমান সিলেবাসের আলোকে কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি অথবা বি.এস.সি ইন ডেন্টিস্ট্রি করা এবং আন্তর্জাতিক মানের জব ডেসক্রিপশন প্রণয়ন, এই কোর্সটিকে বিএমডিসি কর্তৃক অনুমোদিত করে পাস করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেয়া, সকল সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে ইতিমধ্যে যারা পাস করেছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাসে কোর্স পরিচালনা করা, ৪ বছর একাডেমিক এবং ১ বছর ইন্টার্নশিপ চালু করা।