তোমাদের চিঠি থেকে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:১০
প্রিয় কচি-কাঁচার আসর, সবাই আমার শুভেচ্ছা নাও। নতুন বছরে সবাইকে ফুলেল শুভেচ্ছা। নতুন বছরের সাথে সাথে শীতও এসেছে বাংলায় পিঠা-পুলির আমন্ত্রণে। তাই আমাদের বন্ধুরাও নিশ্চয়ই পিঠা-পুলি খেতে ব্যস্ত। শীত জেঁকে বসেছে আমাদের দেশের আনাচে-কানাচে। তাই শীত নিয়ে লেখাও পাঠাচ্ছি। আশা করছি ছাপিয়ে দেয়া হবে। সামনে আমার এসএসসি পরীক্ষা, তাই সব বন্ধুর দোয়া চাইছি। হাতে বেশি সময় নেই, তাই বেশি লিখতে পারছি না। অল্প কিছু পাঠালাম, পরীক্ষা হলে আবার পাঠাব। শীতের হাসি পৌষ এলে ছড়িয়ে পড়ে শীতের নতুন হাসি, হাড়কাঁপানো শীতেও আমি গ্রামে চলে আসি। শীতে থাকে খেজুর রসের নানা স্বাদের পিঠা, উনুন পাশে বসে মজার ভিজা চিতুই মিঠা। কুয়াশা ও শিশিরভেজা ঘাসের গন্ধ পেয়ে, শীতের আনন্দ জমে ওঠে পুলি পিঠা খেয়ে। রৌদ্র জাগে সুয্যিমামার সূর্যমুখী ফুলে, শীতের বায়ু যায় বয়ে ছোট্ট নদীর কূলে\ সুমনা আক্তার মীম সদস্য নং-১২৭৭, গোড়ান, ঢাকা আমার শুভেচ্ছা নিও। আমি আপনাদের বলতে চাই যে, ড্রইং কম্পিটিশনের আয়োজন করলে কচি-কাঁচায় অবশ্যই জানিয়ে দিবেন বিষয়সহ। আমার ড্রইং করতে খুব ভালো লাগে। এজন্য ড্রইং প্রতিযোগিতায় অংশ নিতে চাই। গত ১৯-১২-২০১২ তারিখে আমার আঁকা ছবি ছাপা হয়েছে। কিন্তু আমার নিজের ছবিটি কই? এবার দুটি ছবি ও একটি গল্প পাঠালাম। আশা করি ছাপাবেন। কচি-কাঁচার দীর্ঘায়ু কামনা করি এবং নতুন নতুন বিভাগ চালুর অনুরোধ করছি। ফাইজা মোস্তফা সদস্য নম্বর: ১৪৯৯ শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা। কচি-কাঁচার আসর আমার শুভেচ্ছা নিও এবং তোমার মাধ্যমে অন্য সদস্যদের আমার শুভেচ্ছা দিও। দীর্ঘদিন আসরে চিঠি ও কবিতা পাঠানো হয়নি। সেজন্য আমাকে মাফ করে দিও। আমার পরীক্ষা ও অসুস্থতার কারণে কোনো কিছুই লেখা সম্ভব হয়নি। তবে এখন থেকে আবার নিয়মিত ছড়া-কবিতা, চিঠি ইত্যাদি লিখে কচি-কাঁচার আসরে পাঠাবো। ছবি এঁকেও পাঠাবো। আমার লেখা ছাপা হলে খুব খুশি হবো। বন্ধুরা সবাই ভালো থেকো। ফাইদ-আল-দিহানী শোয়েব সদস্য নম্বর: ১৯৪৫ প্রথমে নতুন বছরের নতুন শুভেচ্ছা। অনেক রকম সুখ অনেক রকম দুঃখ আর নানা ঘটনার মাধ্যমে আমরা পার করলাম একটি বছর। হয়তো কারো জন্য বছরটা স্মৃতিবিজড়িত। আবার কারো জন্য সুখের স্পন্দনটুকুও হতে পারে। তবে যেটাই হোক বিষয়টা কিন্তু অতীত। অতীত যদি সুখের হয়, সেটাও কষ্টের। আবার অতীত যদি দুঃখের হয়, সেটা আরো কষ্টের। অতীত হলো বিষণ্নতার ডালা। সেখানে শুধু অভিমান কোনো অভিবাদন নেই। একটি বছর কেটে আবার একটি বছরে পা রাখবো আমরা। নতুন বছর বা ২০১৩ কে নতুন করে সাজাতে হয়। তাহলে সেখানে পাবার মতো অনেক কিছুই থাকে। নতুনকে গ্রহণ করে বলি, চোখের কোণে আকাশ রেখো, মেঘের কোলে ছবি আঁকো, ফুলের মত রঙ্গিন থেকো। দুঃখগুলো দূরে রেখো, বন্ধুর মত পাশে থেকো, অতীতকে ভুলে থেকো, নতুনকে গ্রহণ করো। আর প্রিয় কচি-কাঁচার আসর থেকে যেন নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু করতে পারি সেটাই প্রিয় আসরের কাছে চাওয়ার থাকবে সবার জন্য। ভাল থেকো আমার প্রিয় আসর এবং ভাই ও বন্ধুরা। জাহাঙ্গীর হোসেন বাদশাহ সদস্য নং-১৮৮২ এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এনায়েতপুর, সিরাজগঞ্জ।