চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞান অলিম্পিয়াড

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:২৭
নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৩’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। চুয়েটের পদার্থ বিদ্যা বিভাগের প্রধান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির কো-অর্ডিনেটর প্রফেসর ড. ফারুক উজ-জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও চুয়েটের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম, চুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. আশুতোষ সাহা। প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম বলেন, ঈশ্বর কণা নিয়ে সারাবিশ্বে তোলপাড় চলছে, অথচ ঈশ্বর কণার মূল ধারণা দিয়েছিলেন প্রায় অর্ধশতক আগে এক বাঙালি—সত্যেন বোস। আমি মনে করি, বাংলাদেশে বিজ্ঞানের প্রতি যে আগ্রহ আছে তা পৃথিবীতে খুব কম দেশেই আছে। এই আগ্রহকে পুঁজি করে দেশকে অনেকদূর এগিয়ে নেয়া যায়। এ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে সৃজন ও চিন্তাশীল প্রশ্নের মুখোমুখি হয়ে নিজেদের বুদ্ধিমত্তার পরীক্ষা দেয়।