কারও জ্বর হলে ঠিক কতখানি জ্বর উঠেছে তা জানার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন পড়ে সেটি হলো থার্মোমিটার। তবে বিশ্বের সবচেয়ে ছোট থার্মোমিটার হিসেবে গিনেজের পাতায় যে থার্মোমিটারটির নাম উঠে আছে সেটি আকারে এতটাই ছোট ছিল যে এটি দিয়ে পরিমাণ করা তাপমাত্রা খালি চোখে দেখা তো দূরে থাক, এমনকি থার্মোমিটারটিকেও খালি চোখে দেখা অসম্ভব ছিল। মূলত বৈজ্ঞানিক নানা গবেষণার অংশ হিসেবেই ৭৫ ন্যানোমিটার (এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ) প্রস্থ আর ১০,০০০ ন্যানোমিটার দৈর্ঘ্যের এই থার্মোমিটারটি বানিয়েছিলেন জাপানের সুকুবাতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যাটেরিয়াল সায়েন্সের দুই বিজ্ঞানী ইহুয়া গাও ও ইয়োশিয়ো বান্ডো। তবে আকারে ক্ষুদ্র হলে বৈজ্ঞানিক গবেষণার জন্য তৈরি করা এই থার্মোমিটারটির ক্ষমতা ছিল চমকে যাবার মতো এবং এটি দিয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যেত।
