আফ্রিকার জন্য স্মার্টফোন ব্রাউজার বানাচ্ছে বাইদু

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
চীনের সার্চ জায়ান্ট বাইদু অনলাইনে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি নানা ধরনের সার্ভিসে নিজেদের ছড়িয়ে দিচ্ছে। এর ধারাবাহিকতায় এবারে তারা আফ্রিকার দেশগুলোতে লো-এন্ড স্মার্টফোনের জন্য তৈরি করছে স্মার্টফোন ওয়েব ব্রাউজার। আর এই কাজে তাদের সাথে জড়িত হয়েছে ফ্রান্স টেলিকম। আফ্রিকায় ফ্রান্স টেলিকমের গ্রাহক রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি। আর এই বিপুলসংখ্যক গ্রাহকের জন্য স্মার্টফোনে পূর্বে থেকেই বাইদুর তৈরি ওয়েব ব্রাউজার ইন্সটল করে দেবে ফ্রান্স টেলিকম। তবে ফ্রান্স টেলিকমের বাইরেও অন্যান্য অপারেটর ব্যবহারকারীরা আলাদা করে ডাউনলোড করে নিতে পারবেন এই ব্রাউজারটি। বর্তমানে স্মার্টফোনগুলোতে যেসব ব্রাউজার ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোর জন্য ডাটা খরচ একটু বেশিই হয়ে থাকে। ফেসবুক বা টুইটারের মতো সাইটগুলো আফ্রিকাতেও জনপ্রিয়। তাই সাশ্রয়ে এবং দ্রুতগতিতে এসব স্মার্টফোনে ওয়েব ব্রাউজিং নিশ্চিত করতেই বাইদু এবং ফ্রান্স টেলিকম এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে আরবি এবং ইংরেজি ভাষায় তৈরি এই ব্রাউজার যাত্রা শুরু করবে মিশরে। তবে শীঘ্রই এর ফেঞ্চ একটি সংস্করণও তৈরি হচ্ছে বলেই জানিয়েছে বাইদু।