উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে সর্বপ্রথম যে অপারেটিং সিস্টেমটি পূর্ণাঙ্গতা লাভ করে, তার নাম উইন্ডোজ এনটি। এটিই প্রথম ৩২-বিটের কোনো অপারেটিং সিস্টেম। শক্তিশালী হাই-লেভেল ল্যাংগুয়েজ, মাল্টিপ্রসেসিং, মাল্টিইউজার প্রভৃতি ফিচার নিয়ে উইন্ডোজ এনটি বাজারে আসে ১৯৯৩ সালে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ এই সংস্করণটির অন্যতম প্রধান নির্মাতার নাম ডেভ কাটলার। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১৩ মার্চ। অলিভেট কলেজ থেকে ডেভ ১৯৬৫ সালে স্নাতক সম্পন্ন করার পর যোগদান করেন ডিউপয়েন্টে, যেখানে তার মূল কাজ ছিল ডিজিটাল মেশিনে রান করার উপযোগী কম্পিউটার সিমুলেশন ডেভেলপ করা। পরে তিনি নিজেই অ্যাগ্রিপা-অর্ড নামে নিজের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে তিনি ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশন এবং মাইক্রোসফটে কাজ করেন। ডিজিটাল ইকুইপমেন্টে কাজ করার সময়েই তিনি আরএসএক্স-১১এম, ভিএমএস এবং ভ্যাক্সেন সিস্টেমগুলো ডেভেলপ করেন। ১৯৮৮ সালে মাইক্রোসফটে যোগদান করার পর তার হাতেই তৈরি হয় উইন্ডোজ এনটি।
