বাল্ব ছাড়া আমাদের একটা দিনও চলে না। শুরুতে টাংস্টেনের ফিলামেন্টনির্ভর বাল্ব তৈরি হলেও সময়ের সাথে সাথে বাল্বেও এসেছে নানা পরিবর্তন। সর্বশেষ ফ্লুরোসেন্ট বাল্ব রাজত্ব করছে পৃথিবী জুড়ে। তবে ফ্লুরোসেন্ট বাল্বের দিনও বোধহয় শেষ হয়ে এসেছে। গবেষকরা এবারে তৈরি করেছেন প্লাস্টিকের বাল্ব, যেগুলোর আলো দেবে বাজারের অন্য যেকোনো বাল্বের চাইতে বেশি এবং এগুলো টেকসইও হবে বেশি। প্লাস্টিকের এই বাল্বগুলোর আলোক উত্স হিসেবে রয়েছে ফিল্ড-ইনডিউসড পলিমার ইলেকট্রোলুমিনিসেন্ট (ফিপেল) নামের এক প্রযুক্তি। লাইট-এমিটিং পলিমারের তিনটি স্তর ব্যবহার করা হয় এই প্রযুক্তিতে। এই স্তরগুলোর প্রতিটিতেই রয়েছে ন্যানোম্যাটেরিয়াল যেগুলোর মধ্য দিয়ে বিদ্যুত্ প্রবাহিত হলে এগুলো উজ্জ্বলতা লাভ করে। এই বাল্বের আরেকটি সুবিধা হচ্ছে, এতে আলো উত্পাদিত হলেও সাথে সাথে তাপ উত্পন্ন হবে না। এর ফলে এই বাল্বগুলো আয়ুস্কালের দিক থেকে বাজারের অন্য সব বাল্বের চাইতে অনেক বেশি দীর্ঘজীবী হবে।
