ডাচ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২২
বাংলাদেশ ও নেদারল্যান্ডস-এর মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দুই দেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য আমাদের রপ্তানিমুখী পণ্যের বহুমুখীকরণ এবং অপ্রচলিত পণ্য প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন ডিসিসিআই সভাপতি মো. সবুর খান। সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস যৌথভাবে গতকাল ডিসিসিআই ভবনে “বেসরকারিখাতের উন্নয়নে ঃ বিজনেস-টু-বিজনেস” বিষয়ক তথ্যবিনিময় সভার আয়োজন করে। ডিসিসিআইর সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ক্যারেল রিকটার এবং ডাচ-বাংলা চেম্বার অফ কমার্সের সভাপতি শাহজাদা হামিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিসিসিআই সভাপতি ডাচ ব্যবসায়ীবৃন্দকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য এবং ওষুধ আমদানির আহ্বান জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততার সাথে অবকাঠামো উন্নয়নের উপর জোরারোপ করেন। বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ক্যারেল রিকটার বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আশাব্যঞ্জক ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তিনি জানান, ২০১২ সালে নেদারল্যান্ড ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে ৩০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রায় ২০ কোটি ডলার বিনিয়োগ করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে এবং নেদারল্যান্ডের ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।