নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশে মানব প্রাচীর কর্মসূচি পালন করে। এ বিষয়ে আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল ঃ নগরীর জেলখানার মোড় থেকে শুরু হয়ে জিলা স্কুল পর্যন্ত মানব প্রাচীরে নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি। বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন, মহানগর জামায়াতের আমির এডভোকেট মুয়াযযম হোসাইন হেলালসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
অপরদিকে একই সময়ে নগরীর ফজলুল হক এভিনিউতে জেলা বিএনপি মানব প্রাচীর করে। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা সাইয়েদ আহমেদ মধু, শেখ আব্দুর রহিম, মহানগর যুবদল সাধারণ সম্পাদক এডভোকেট আখতারুজ্জামান শামীম প্রমুখ।
রংপুর ঃ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব প্রাচীর কর্মসূচি পালন করে রংপুর জেলা বিএনপি। মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানব প্রাচীর কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করার খায়েস কখনই পূরণ হতে দেয়া হবে না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, শামসুজ্জামান সামু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান বাবু, জেলা কৃষক দলের সভাপতি হাজী তাহের, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বাদল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল প্রমুখ।
পঞ্চগড় ঃ শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে জোটের অন্যতম শরীকদল জাগপাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এ হাসান প্রধান, সাধারণ সম্পাদক এম এ মজিদ, বিএনপি নেতা জাকির হোসেন, এ্যাডভোকেট রীনা পারভীন প্রমুখ।
অন্যদিকে একই সময়ে মানব প্রাচীর কর্মসূচি পালন করে বিএনপি’র অপর গ্রুপ। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি’র সভাপতি মো. মোজাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রণিক প্রমুখ।
ফরিদপুর ঃ মঙ্গলবার সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি দীর্ঘ মানব প্রাচীর কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সহ-সম্পাদক জহিরুল হক শাহজাদা মিয়ার সভাপতিত্বে মানব প্রাচীর কর্মসূচিকালে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা চৌধুরী এমদাদ আলী খসরু, দেলোয়ার হোসেন দিলা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিলকিস ইসলাম, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
কুষ্টিয়া ঃ শহরের মজমপুর গেট চত্বর থেকে বড় বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক জুড়ে ঘন্টাব্যাপী মানব প্রচীর কর্মসূচি পালন করা হয়। মানব প্রাচীর চলাকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন, সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, খন্দকার সাজেদুর রহমান বাবলু, হাফিজুর রহমান হেলালসহ ছাত্রদল ও অন্যান্য অঙ্গদলের নেতারা বক্তব্য রাখেন।
লক্ষ্মীপুর ঃ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানব প্রাচীর কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা এডভোকেট হাছিবুর রহমান, নিজাম উদ্দিন ভুঁইয়া, এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ।
নোয়াখালী ঃ গতকাল সকালে ১৮ দলীয় জোট নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানব প্রাচীর কর্মসূচি পালন করে। এই সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, জামায়াতের নিজাম উদ্দিন ফারুক, ইসলামী ঐক্যজোটের মাওলানা মমিন উল্যাহ, বিএনপির এডভোকেট আবদুর রহমান, এডভোকেট আবদুর রহিম, শহীদুল ইসলাম কিরণ, মাহবুব আলমগীর আলো, আবু নাছের ও সলিম উল্যাহ বাহার প্রমুখ বক্তব্য রাখেন।
পাবনা ঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি উদ্যোগে শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে এক কিলোমিটারব্যাপী মানব প্রাচীর তৈরি করা হয়। মানব প্রাচীর চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
বরগুনা ঃ বরগুনা লঞ্চঘাট থেকে টাউনহল ব্রিজ পর্যন্ত সদর রোডে ঘন্টাব্যাপী এ মানব প্রাচীরে জেলা বিএনপি সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান লে.কর্নেল (অব.) আবদুল খালেক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
