গোপালগঞ্জ ও শাহ্জাদপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৪
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় রাজিব (২৮), প্রিন্স (২৮) ও নাজমুল (২৫) নামের ৩জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সদস্যদের কান্না যেন থামছেই না। স্বজনদের কাছ থেকে জানা যায়, প্রিন্স বেড়া উপজেলা সদরে একটি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেন। এ প্রতিষ্ঠানেই অফিস সহকারী হিসাবে কাজ করতেন রাজিব। স্কুলের পাশাপাশি প্রিন্স সিএনজি চালিত অটোরিক্সা ভাড়ায় চালাত। তার অটোরিক্সাটি মেরামতের জন্য রাজিবকে নিয়ে সোমবার সকালে বেড়া থেকে বগুড়ায় যায়। মেরামত কাজে বিলম্ব ঘটায় রাতে বগুড়া থেকে বেড়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত আড়াইটার দিকে বগুড়া নগরবাড়ী মহাসড়কের শাহ্জাদপুর উপজেলার বাঘাবাড়ী নামক স্থানে পৌঁছালে সিএনজিটিকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে বিপরীত দিক থেকে অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক নাজমুল ও আরোহী প্রিন্স, রাজিব নিহত হয়। এ দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। শিশু নিহত, সড়ক অবরোধ এদিকে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানোরা এলাকায় বাসের চাপায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রমজান ধামরাই উপজেলার মহিষারচর এলাকার মৃত বারেক আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ১০টার দিকে রমজান রাস্তা পার হবার সময় ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে রমজানের মৃত্যুর খবরে এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। আধা ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বাসের ধাক্কায় মো. জাকির হোসেন (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামে নিলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের হেমায়েত উদ্দিন মোল্লার ছেলে। টুিঙ্গপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিলার মাঠ এলাকায় পিছন দিক থেকে একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক জাকির হোসেন ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ছাতকে নিহত এক ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত মোহনমালা (৬০) গতকাল মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। সে জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। এ নিয়ে কাইতকোনা সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫-এ দাঁড়িয়েছে।