ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীর পা ভেঙ্গে দিয়েছে বিএসএফ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশিকে নির্যাতন করে হাত পা ভেঙ্গে বাংলাদেশ ভূখন্ডে ফেলে দিয়েছে। আহত ওই গরু ব্যবসায়ীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার কাশিবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে মিষ্টার মাহমুদ ওরফে মিস্টার সোমবার রাতে নাগরভিটা সীমান্তের ৩৭৮ ও ৭৯ মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে গরু আনতে সীমান্তের কাছে যায়। ওই সময় ভারতীয় চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায় এবং বেধড়ক মারপিট করে। রাত সাড়ে ৮টায় তাকে নির্যাতন করে হাত পা ভেঙ্গে কাঁটা তারের বেড়ার এ পারে বাংলাদেশ সীমানায় ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় মিস্টারকে উদ্ধার করে রাতেই তার পরিবারের লোকজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিত মিস্টারকে বিএসএফএর নিকট থেকে উদ্ধার করে রংপুর হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।