রাজধানীতে নিহত মেডিক্যাল ছাত্রী জেরিনা আরাবিন জেরিনকে টাঙ্গাইলের নাগরপুরে দাফন করা হয়েছে। নিহত জেরিনের বড় খালু মোকাদ্দেস আলী জানান, জেরিনের পরিবার দীর্ঘদিন যাবত্ কানাডা প্রবাসী। গত বছর কানাডা থেকে দেশে এসে উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজে ভর্তি হন জেরিন। কলেজে পড়া অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিউদ্দিন সরন নামের একটি ছেলের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠে। গত শনিবার বিকেলে বন্ধু সরনের সাথে বেড়াতে যায়। সন্ধ্যার পর ঢাকা ক্যান্টনমেন্ট রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা যায় জেরিন। এব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে জেরিনের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার বাদ যোহর নাগরপুর উপজেলার গয়হাটা পূর্বপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
