গৌরীপুরে তিন হাজার শিক্ষার্থী বই পায়নি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৯
বছরের প্রথমদিন সরকার বিনামূল্যে বই বিতরণ শুরু করলেও গত ১৫দিনেও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ২হাজার ৯শত ৭০জন শিক্ষার্থী গণিত বই পায়নি। এদের মধ্যে বিজ্ঞান শাখার ৪৪০ জন শিক্ষার্থী তাদের উচ্চতর গণিত বই পায়নি। শিক্ষার্থীরা বই না পাওয়ায় তাদের পাঠদান আংশিক ব্যাহত হচ্ছে এমন মন্তব্য অভিভাবক মহলের। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এ বছর গৌরীপুর উপজেলায় ৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২লাখ ২৯হাজার ৫৩৪ সেট বইয়ের চাহিদা প্রেরণ করা হয়। তন্মধ্যে ২লাখ ২৬হাজার ১২৪ সেট বই দেয়া হয়েছে। এদের মধ্যে সাধারণ গণিত ও উচ্চতর গণিত মোট ৩হাজার ৪শত ১০ কপি বই এখনও স্থানীয় শিক্ষা অফিস পায়নি। জনৈক শিক্ষক জানান, শিক্ষার্থীরা যদি সময়মতো বই হাতে না পায় তাহলে তাদের পড়াশুনার ব্যাঘাত ঘটে, শিক্ষার্থীদের মন নষ্ট হয়ে যায়। এছাড়া গণিত বিষয়টি একটু কঠিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সাধারণ গণিত বইয়ের প্রকাশক কাজল প্রিন্টিং ওয়ার্কস ও উচ্চতর গণিত বইয়ের প্রকাশক ইসমাঈল প্রিন্টিং ওয়ার্কসের সাথে বারবার যোগাযোগ করে তাগিদ দিলেও তারা বই পাঠাই-পাঠাচ্ছি বলে সময় ক্ষেপণ করছে। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। খুব শিঘ্রই এ সমস্যার সমাধান হবে। তিনি আরো জানান, জেলার ২টি উপজেলা ছাড়া বাকি ১০টি উপজেলার একই অবস্থা।