কুমিল্লার বিজয়পুর ইউপি উপ-নির্বাচন শেষে মধ্যম বিজয়পুর এলাকায় ব্যালটবাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় লাকসাম থানার এসআই সুখেন্দ্র বসু বাদী হয়ে গভীর রাতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খোকাসহ ৩১ জনকে এজহার নামীয় এবং ৪শ/৫শ জনকে অজ্ঞাত আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করে সোমবার আদালতে প্রেরণ করেছে।
গত রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউপি উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স উপজেলা সদরে নিয়ে আসার সময় মধ্যম বিজয়পুর এলাকায় ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টার সহিংস ঘটনায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার শাহাগীর আলমের গাড়ি ভাংচুর করা হয়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোরশেদ আলম খোকা সমর্থকদের হামলায় পুলিশের একজন এএসআই ও দুই কনস্টেবল এবং তিন আনসার সদস্যসহ ১০ জন আহত হওয়ার ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
