পুলিশের দায়ের করা মামলায় হোমনার ১১ বিএনপি নেতা-কর্মীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোমনার আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম ৬৮ আসামির মধ্যে ৫৭ জনের জামিন মঞ্জুর করে এবং একই সাথে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লাসহ ১১ বিএনপি নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ৯ ডিসেম্বর অবরোধ চলাকালে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা হোমনা-ঢাকা সড়কের কাঠেরপুল সড়ক অবরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবরোধকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে তিন যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়। এখবর দ্রুত বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে গেলে নেতা-কর্মীরা মিছিল সহকারে ওপার ব্রিজে অবস্থান করে। এসময় পুলিশ বহনকারী গাড়িটি ওপারচর ব্রিজ অতিক্রমকালে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের গাড়িটি ভাংচুর হয় ও ওসি জলিল আহামেদসহ ৭ পুলিশ আহত হয়। এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সেক্রেটারী এডভোকেট আজিজুর রহমান মোল্লাসহ ৬৮ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা করে।
