কুমিল্লায় গত এক বছরে (২০১২ সালে) খুন হয়েছে ১৫২জন। একই বছরে জেলায় খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১ হাজার ৮৯৯টি মামলায় ৬ হাজার ৬৪৭জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত জেলার ১৬ উপজেলা এলাকায় বিভিন্ন ঘটনায় ১৫২জন খুন হন। এর মধ্যে জানুয়ারি মাসে ৮জন, ফেব্রুয়ারি ও মার্চে ১২জন করে ২৪জন, এপ্রিলে ১০জন, মে মাসে ১৫ জন, জুনে ৯জন, জুলাইয়ে ১৭জন, আগস্টে ১৩জন, সেপ্টেম্বরে ১৮জন, অক্টোবরে ১৪জন, নভেম্বরে ১১জন ও ডিসেম্বরে ১৩জন খুন হন। এছাড়া গত এক বছরে নারী ও শিশু নির্যাতনের সংখ্যাও বেড়েছে অনেক। পুলিশের খাতায় রেকর্ড অনুযায়ী ঐ বছর নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৫৫০টি। এরমধ্যে এসিড নিক্ষেপের ঘটনা রয়েছে।
সূত্র জানায়, গত বছর জেলায় ৬৭ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে জানুয়ারি মাসে ৩জন, ফেব্রুয়ারিতে ৯জন, মার্চে ৭জন, এপ্রিলে ৩জন, মে-জুন ও জুলাই মাসে ৫জন করে ১৫জন, আগস্টে ৩জন, সেপ্টেম্বরে ১০জন, অক্টোবরে ১ জন, নভেম্বরে ৫জন ও ডিসেম্বরে ৩ জন ধর্ষিত হয়েছেন। ঐ বছর ২০টি ডাকাতি, ৫৮টি ছিনতাই, ২০৭টি চোরাচালান, ২৪টি অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৮৯৯টি মামলায় আসামি গ্রেফতার করা হয়েছে ৬ হাজার ৬৪৭ জন।
কুমিল্লার এসব অপরাধচিত্রের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-কুমিল্লা শাখার সভাপতি এডভোকেট নাজমুল আলম চৌধুরী নোমান বলেন, কুমিল্লায় ১২ মাসে ১৫২জন খুন হওয়ার বিষয়টি সম্ভবত ঠিক নয়। খুনের পর বিনা ময়নাতদন্তে অনেক লাশ দাফন করা হয়, সেগুলোর কোনো তথ্য নেই। মামলা না হওয়ায় অনেক অপরাধীকে আইনের আওতায় আনা হয় না।
যে কারণে সামাজিক অস্থিরতা বেড়েই চলছে। সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম বলেন, এ তথ্যের সঙ্গে বাস্তবের কোন মিল নেই। জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্যবিবরণীতে কেবল খুনের সংখ্যা থাকে। কিন্তু কোন্ এলাকায় কখন, কে খুন হয়েছেন, তার তথ্য নেই। যে কারণে আমরা ওই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করি। কুমিল্লায় নারীর প্রতি সহিংসতা, তুচ্ছ কারণে খুন ও রাজনৈতিক কারণে বহু হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান বলেন, খুনের মামলা বা লাশ পাওয়া গেলে সেটি লুকানোর কোন সুযোগ নেই। কুমিল্লা এমনিতেই অপরাধপ্রবণ এলাকা। এখানে ১২ মাসে ১৫২জন খুন হয়েছে, এটা অস্বাভাবিক মনে করি না। আইন-শৃঙ্খলা কমিটিতে খুনের ঘটনার তথ্য সঠিকভাবেই উপস্থাপন করা হয়।
