নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের তরুণদের নিজ দেশ নয়, সার্কভুক্ত দেশগুলোর তরুণদের নিয়ে ভাবতে হবে। সনাতন রাজনীতি নয়— ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রতিষ্ঠানগুলোকে তরুণদের নতুনভাবে সাজাতে হবে। ভারতের পুনেতে থার্ড ইন্ডিয়ান স্টুডেন্ট পার্লামেন্টারিয়ান ইভেন্টে ‘পোভার্টি:এ গ্রেট টেরর’ শীর্ষক পর্বে গত শনিবার মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার এ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানায়। দারিদ্র্যতা বিষয়ে তিনি বলেন, গরীবরা দারিদ্র্যতার সৃষ্টি করে না। এটা তাদের দোষও নয়। দারিদ্র্যতা পদ্ধতি ও কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সৃষ্টি হয়।
মহারাষ্ট্র ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্কুল অব গভর্মেন্ট অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি অব ইন্ডিয়া যৌথভাবে থার্ড ইন্ডিয়ান স্টুডেন্ট পার্লামেন্টারিয়ান ইভেন্টের আয়োজন করে। সারা ভারত থেকে প্রায় দশ হাজার নিবার্চিত স্টুডেন্ট লিডার এ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রশাখা ইয়ুথ লিডারশিপে অবদান রাখার জন্য ড. ইউনূসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এছাড়া গত শনিবার ড. ইউনূস ভারতের নাগপুরে টেকলসন ২০১৩ ইভেন্টে ক্ষুদ্র ঋণ বিষয়ে বক্তৃতা করেন। দশ হাজারের ওপর শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। বক্তৃতায় তিনি বলেন, মানুষ টাকা বানানোর মেশিন নয়। তাই সামাজিক ব্যবসার মাধ্যমে সমস্যা সমাধান তরুণদের স্বপ্ন হওয়া উচিত।
