নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে চট্টগ্রামে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০২
নারী ও শিশুর প্রতি সহিংস ও বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহবান জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে বক্তারা এ আহবান জানান। সম্প্রতি বান্দরবানের কাউখালি, টাঙ্গাইলের মধুপুর, সাভার এবং ঢাকার মিরপুরে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, নারী ও কন্যা শিশু সুরক্ষার জন্য বিশেষ পুলিশ সেল গঠন এবং ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি প্রদান এবং তা দ্রুত কার্যকর করতে হবে। বিএনপিএস চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে এবং শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নূর নাহার বেগম, ডা. রতন চক্রবর্তী, ফরহাদুল আলম হীরা, উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব নাহা, এরশাদুল করিম, শরিফুল ইসলাম, নিতু বড়ুয়া, ইয়াসমিন বেগম, তৌহিদুল ইসলাম প্রমুখ।