ক্রেমলিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৪১-৪৫) নিহত অজ্ঞাত রুশ সৈন্যদের প্রতি গতকাল মঙ্গলবার গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ক্রেমলিনে সেনাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ক্রেমলিনে সৈন্যদের সমাধিস্থলে পৌঁছলে রুশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অর্নার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, তার দুই মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ ও আমরিনা সিদ্দিক রূপন্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয় সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রকৌশলী ইয়াফেস ওসমান, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর অন্য সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। পরে রাশিয়ার যোগাযোগ ও গণমাধ্যমমন্ত্রী নিকোলেই নিকিফোরোভ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করতে যান। দেশটির রাষ্ট্রীয় আমন্ত্রণে শেখ হাসিনা বর্তমানে তিন দিনের সফরে মস্কো রয়েছেন।