জেএমবির দুই শুরা সদস্যের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৩
গনি গোমেজ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) মজলিসে শুরার দুই সদস্য মো. রাকিব হাসান ওরফে রাসেল ওরফে হাফেজ মাহমুদ এবং সালাহউদ্দিন ওরফে সালেহীন ওরফে সজীব ওরফে তাওহীদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ দুই আসামি ২০০৭ সাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন। ২০০৬ সালে নিম্ন আদালত এই দুই জনকে ফাঁসির দণ্ড প্রদান করেছিল। এ দুই জন রাজশাহীর বাগমারার শহীদ হত্যা মামলা এবং নওগাঁর খেজুর আলী ও বাদশা হত্যা মামলার আসামি। তারা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলারও আসামি। ২০০৬ সালের ২৫ এপ্রিল চট্টগ্রাম থেকে সালেহীনকে এবং একই বছরের ২২ ফেব্রুয়ারি রাকিবকে বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সেলিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। আসামিগণ নিজেরা কোন আইনজীবী নিয়োগ না দেয়ায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শিরিন আফরোজ ও বাহার উদ্দিন আল রাজী শুনানি করেন।