খুলনায় খুনের আসামিকে ঢাকায় পাকড়াও করলেন নিহত যুবকের মা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:১৭
খুলনায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলার আসামিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পাকড়াও করে পুলিশে দিলেন নিহত যুবকের মা। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে। গত বছরের ৭ ডিসেম্বর খুলনার রূপসায় জাহানারা বেগমের ছেলে আলমগীর হোসেন বিদ্যুত্ খুন হন। ঐ ঘটনায় জাহানারা বেগম ৭ জনকে আসামি করে খুলনার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় বাদল ফকির (৩২) ছিলেন ৭ নম্বর আসামি। জানা গেছে, জাহানারা বেগম তার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য ঢাকায় আসেন। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনের রাস্তা দিয়ে তার ছেলের খুনের আসামি বাদল ফকির হাঁটছিলেন। এসময় জাহানারা বেগম তাকে দেখে জাপটে ধরে চিত্কার করতে থাকেন। পরে পুলিশ এসে ঘটনাটি জানার পর তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, তারা খুলনার রূপসা থানার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে আটক বাদল ফকির ঐ মামলার আসামি। তাকে খুলনায় ওই থানার কাছে হস্তান্তর করা হবে।