মাটিরাঙ্গায় মৌজা প্রধানসহ দুইজন অপহূত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২০
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এক মৌজা প্রধানসহ দুই জনকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গত সোমবার রাত ৮টার দিকে এ অপহরণের ঘটনা ঘটলেও এখনও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে ৭/৮ জনের একদল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসী মাটিরাঙ্গার মনলাল হেডম্যানপাড়া থেকে গোমতি মৌজা প্রধান (হেডম্যান) মনলাল ত্রিপুরাকে (৪০) অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এর আগে বিকেল ৪টার দিকে বর্ণাল ইউনিয়নের বড়গ্রামের চিরঞ্জীব ত্রিপুরা (৩০), পিতা- ইন্দু কুমার ত্রিপুরাকে অপহরণ করে ঐ সন্ত্রাসীরা। স্থানীয় গ্রামবাসীরা জানায়, প্রথমে চিরঞ্জীবকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার পথে মনলাল হেডম্যানকেও ঐ সন্ত্রাসীরা অপহরণ করে। এ ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গার যামিনিপাড়াস্থ ২১ বিজিবি ও সেনাবাহিনী অপহূতদের উদ্ধার করতে অভিযানে নামে। তবে গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করা কিংবা কোন খোঁজ পাওয়া যায়নি। ২১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তাবিব জানান, অপহূতদের পরিবার থেকে এ ব্যাপারে কোন কিছু প্রকাশ করা হচ্ছে না। তথাপি বিজিবি ও সেনাবাহিনী তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে। উপজেলার আমতলী মৌজার হেডম্যান তারেং ত্রিপুরা জানান, এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাদানে গ্রামবাসীদের বাধ্য করতে আতংক ছড়ানোর উদ্দেশ্যে তাদেরকে অপহরণ করা হয়েছে।