আজ সিপিবি-বাসদের আধাবেলা হরতাল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২৯
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গণতান্ত্রিক বাম মোর্চাও আলাদাভাবে একই সময়ে একই কারণে হরতাল ডেকেছে। হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময়, মিছিল, সমাবেশ করেছে সিপিবি ও বাসদ। গতকাল মুক্তিভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে হরতাল চলাকালে অফিস-আদালত, স্কুল-কলেজ, যানবাহন, দোকানপাট বন্ধ রেখে এই কর্মসূচি সফল করার আহ্বান করা হয়। তবে হাসপাতাল, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। সিপিবি সভাপতি বলেন, সরকার বরাবরের মত আন্তর্জাতিক বাজারের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কিন্তু গত এক বছর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থির রয়েছে। আবার নতুন করে বিদ্যুতের দামও বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করা হয়। যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোতে যে জনদুর্ভোগ নেমে এসেছে তা থেকে উদ্ধার পাওয়ার জন্য মাত্র ৬ ঘণ্টার হরতালের ‘দুর্ভোগ’ অতি সামান্য। আসলে তা দুর্ভোগ নয়, তা হলো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের গড়িমসির ফলে আন্দোলন এগিয়ে নেয়ার বাধ্য-বাধকতার ফসল। পরিস্থিতির জন্য সরকারই দায়ী। ১৬ জানুয়ারির হরতাল কোনো দলীয় রাজনীতির এজেন্ডাতে আহূত হয়নি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হরতাল সফল করার জন্য সকলকে আহবান জানিয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।