সাহিত্যিক আবদুশ শাকুর আর নেই

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩০
বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও সঙ্গীতজ্ঞ আবদুশ শাকুর আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। বিশিষ্ট এই লেখক প্রায় এক সপ্তাহ ধরে টাইফয়েডে ভুগছিলেন। তবে গতকাল সকাল থেকেই তার জ্বর কমে আসছিল বলে জানিয়েছেন লেখকের নাতি ইনতিজার আহমেদ। সাবেক সচিব আবদুশ শাকুর নিজেকে সবসময় লেখক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দুই বাংলায়ই রম্য রচনাকার হিসেবে একটা বিশিষ্ট স্থান দখল করা এই সাহিত্যিক একজন গোলাপফুল বিশেষজ্ঞ হিসেবেও নাম করেছেন। রবীন্দ্রনাথকে নিয়েও তিনি অনেক কাজ করেছেন। ১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি নোয়াখালীর সুধারাম থানার রামেশ্বরপুর গ্রামে আবদুশ শাকুর জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ এম.এ এবং নেদারল্যান্ডের আই.এস.এস থেকে অর্থবিজ্ঞানে এম.এস করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা, পরে ১৯৬৭ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসাবে অবসর নেন। সারাক্ষণ বিবিধ বিষয়ে এবং নানান ভাষায় পড়াশুনা নিয়ে নিজেকে নিমগ্ন রাখতেন। একাধারে গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা প্রভৃতি বিষয়ে লিখেছেন। তাঁর প্রবন্ধের বিষয় প্রধানত ভাষা, সাহিত্য, সংগীত, নিসর্গ ও রবীন্দ্রনাথ। ১৯৭৯ সালে তিনি ‘বাংলা একাডেমী পুরস্কার’ পান ছোটগল্পের জন্য। ‘গল্পসমগ্র’র জন্য ‘অমিয়ভূষণ পুরস্কার’ পান ২০০৩ সালে ভারতের জলপাইগুড়ি থেকে। সমগ্র সাহিত্যকর্মের জন্য পান ‘অলক্ত সাহিত্য পুরস্কার’ ২০০৭ সালে এবং ‘শ্রুতি সাংস্কৃতিক একাডেমী পুরস্কার ২০১১’। তাঁর প্রবন্ধগ্রন্থ ‘মহামহিম রবীন্দ্রনাথ’ প্রকাশ করে বাংলা একাডেমী এবং ‘সঙ্গীত সংবিত্’ বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আবদুশ শাকুর কলকাতার ‘সংগীত মেলা’, ‘মিলেমিশে’, ‘সৃষ্টির একুশ শতক’ ও মাসিক ‘শহর’ পত্রিকার নিয়মিত লেখক। কলেজ স্কোয়ারের ‘ধ্রুবতারা প্রকাশনী’ ‘আবদুশ শাকুরের নির্বাচিত গল্প’ প্রকাশ করে ২০১১ সালে। ২০১২ সালের বইমেলা উপলক্ষে কলকাতার ‘প্রতিভাস’ একসঙ্গে প্রকাশ করে আবদুশ শাকুর রচিত ৭টি গ্রন্থ : ‘মহামহিম রবীন্দ্রনাথ’, ‘স্বর সুর শব্দ ও সংগীত’, ‘মহান শ্রোতা’, ‘বাঙালির মুক্তির গান’, ‘গোলাপনামা’, ‘ভেজাল বাঙালি’, ও ‘রসিক বাঙালি’। কলকাতার অপর প্রকাশক ‘একুশ শতক’ প্রকাশ করে আবদুশ শাকুরের ‘রবীন্দ্রনাথকে যতটুকু জানি’। ঢাকার ‘একুশে বইমেলা’ উপলক্ষে বাংলা একাডেমী প্রকাশ করছে আবদুশ শাকুরের ‘চিরনতুন রবীন্দ্র লেখকের পারিবারিক সূত্র জানিয়েছে লেখকের চার সন্তানের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে বিদেশে থাকে। তারা দেশে আসলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।