জারদারির পদত্যাগ চাইলেন ইমরান
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগ দাবি করেছেন ইমরান খান। দেশটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে এই দাবি জানালেন তিনি। সাবেক ক্রিকেটার ইমরানের নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বকাপ জয় করে। পরবর্তী সময়ে তিনি তেহরিক-ই-ইনসাফ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান বলেন, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দ্রুত পদত্যাগ করা উচিত। তিনি আরো বলেন, ‘সরকারের উচিত দ্রুত নতুন নির্বাচন ও তার তারিখ ঘোষণা করা। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে কোনো পরিবর্তনই সম্ভবপর হবে না।’ দ্য ডন
ফেসবুকে নতুন টুল
ফেসবুকে নতুন টুলের মাধ্যমে গুগল বা ইলেপের মতো ফেসবুক ব্যবহারকারী তাদের বন্ধুর শেয়ার করা কোনো ছবি, কোনো নেটওয়ার্কে আছে কিনা সে বিষয়সহ আরো বেশকিছু বিষয়ে সার্চ দিয়ে জানতে পারবে। যেমন, কেউ যদি তার ‘কোন কোন বন্ধু হ্যারি পটার পছন্দ করে’ লিখে সার্চ দেয় তবে তাদের নাম চলে আসবে। এমনকি বন্ধুর বন্ধু সম্পর্কে এ ধরনের অনেক তথ্য জানা যাবে নতুন এ টুলের মাধ্যমে। তবে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত ফেসবুকের এ নতুন ‘গ্রাফ সার্চ’ টুল নিজে কোনো প্রশ্নেরই উত্তর খুঁজে দিতে পারবে না। ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গ বলেন, লোকজন ওয়েবসার্চের জন্য ফেসবুকে জড়ো হবে এমনটি তিনি প্রত্যাশা করছেন না। ওয়েবসার্চের উদ্দেশ্যে এ টুল সংযোজিত হয়নি। আপনি একটা বিষয়ে জানতে চাচ্ছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। সে বিষয়টি এ টুলের সাহায্যে খুঁজে পাওয়া সত্যিই দারুণ হবে। জুকারবার্গ জানান, গ্রাফ সার্চ নামের এ টুলটি এখন পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। ফেসবুক পাতার ওপরের নীল বর্ডারের টুলটি থেকে এটা ব্যবহার করা যাবে। বিবিসি
নিউইয়র্কে প্রথম অস্ত্র আইন
আমেরিকার মধ্যে নিউইয়র্কই প্রথম কড়া অস্ত্র আইন চালু করার পথে এগোল। অস্ত্রের উপর নিয়ন্ত্রণ জারি করার পক্ষে ভোট দিয়েছেন সিনেটের বেশিরভাগ সদস্যই। নয়া প্রস্তাব মোতাবেক আগ্নেয়াস্ত্র সহজে কেনা যাবে না। কানেক্টিকাটের স্কুলে বন্দুকধারীদের হামলার পর দেশকে বাঁচাতে এই পদক্ষেপ জরুরি ছিল, জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর। আল জাজিরা
