রূপগঞ্জে তিনদিন আগে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:১৪
রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামান সাজু মোল্লা (৪৫) নিখোঁজ হওয়ার তিনদিন পর গতকাল বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজুর পরিবার ও এলাকাবাসী জানান, খাদুন এলাকার সফিউদ্দিন মোল্লার ছেলে সাজু মোল্লা গত সোমবার বিকালে নিখোঁজ হয়। বহু খুঁজেও তার সন্ধান না পেয়ে গতকাল সকালে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন সাজুর পিতা সফিউদ্দিন মোল্লা। দীর্ঘদিন ধরে সাজু মোল্লার পরিবারের সাথে প্রতিপক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় ঐ ব্যবসায়ীকে গুম করে হত্যার হুমকি দিয়ে আসছে বলেও জানান সাজুর পিতা সফিউদ্দিন মোল্লা। রূপগঞ্জ থানার ওসি মঈনুর রহমান জানান, সাজু মোল্লার লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দোষীদের গ্রেফতার করা হবে।