বহুল আলোচিত ফেনীর সাংবাদিক টিপু সুলতান নির্যাতন মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।
সমাবেশে ফেনী প্রেসক্লাব সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতেয়ার ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, একেএম আবদুর রহীম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রবিউল হক রবি, সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঞা, সহ-সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, কোষাধ্যক্ষ আজাদ মালদার প্রমুখ।
