অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন কাটিং

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:২৮
শ্রীলংকার বিপক্ষে শুক্রবারের তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দলে ব্যাক-আপ বোলার হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার বেন কাটিং। ২৫ বছর বয়সী কাটিংয়ের রবিবার এডিলেডে দ্বিতীয় ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক অভিষেক ঘটে। কিন্তু দলের শীর্ষসারির পেসার মিশেল জনসন এবং মিশেল স্টার্চ ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসায় তৃতীয় ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন কাটিং। তবে ব্যাক-আপ বোলার হিসেবে আবারো তাকে দলভুক্ত করা হয়েছে। এ সম্পর্কে নির্বাচক প্রধান জন ইনভারেরিটি বলেছেন, ‘জনসন এবং স্টার্চ যেহেতু ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাই সাবধানতার জন্য আমরা বেনকে ব্রিসবেনে ডেকেছি। ধারণা করা হচ্ছে উভয় বোলারই দলে সুযোগ পাবেন। যদি দুজনেই নিজেদের ফিট প্রমাণ করতে পারেন তবে বেন শুক্রবার দুপুরে অনুষ্ঠিতব্য বিগ ব্যাশ লিগের ফাইনালে ব্রিসবেন হিট দলে ফিরে যাবেন।’ পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচে জয়লাভ করায় সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। —বাসস/এএফপি