শ্রীপুরে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি অব্যাহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার উপর সন্ত্রাসীদের বর্বরোচিত নগ্ন হামলার প্রতিবাদে উপজেলা শিক্ষক সংগ্রাম পরিষদের কর্মসূচি অব্যাহত রয়েছে।পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচির মধ্যে গতকাল বুধবার উপজেলার ৫টি কলেজ, ১০টি মাদ্রাসা ও ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু’সহস্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় সুধী সমাজের সমন্বয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১১টায় উপজেলার সকল কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় শিক্ষক সংগ্রাম পরিষদের আহবায়ক ও দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজামউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাকোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুন্সী মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী,সাচিলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী সাখাওয়াত হোসেন, শ্রীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অপূর্ব কুমার মিত্র, শিক্ষক আঃ কাদের লোহানী, মোত্তালেব হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, কলেজ ছাত্র আল আমীন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে দুপুরে শ্রীপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।