রাজাপুরে গুপ্তধনের খোঁজে ২’শ বছরের মন্দির খুঁড়ল দুর্বৃত্তরা!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪০
ঝালকাঠির রাজাপুরে গুপ্তধনের আশায় রাতের আঁধারে ২’শ বছরের পুরনো শীতলা মন্দির খু্ঁড়েছে একদল দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাতে উপজেলার কলেজ রোড এলাকার বাসু রায়ের বাড়ির সার্বজনীন শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসু রায় জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি মন্দিরের মাঝভাগে মাটি খোঁড়া আড়াই থেকে তিন ফুটের গোলাকার একটি গর্ত দেখতে পেয়ে স্থানীয় ও থানা পুলিশকে খবর দেন। তার বাড়ির এই পুরাতন মন্দিরে বছরে দু’বার ধুমধামে পূজা ও পাঠাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে কেউ হয়তোবা গুপ্তধনের আশায় মাটি খুঁড়ে মন্দিরে পুঁতে রাখা গুপ্তধন চুরি করে নিয়ে গেছে বলে তিনি মনে করেন। স্থানীয় অনিল শীল ও উত্তম চন্দ্র শীল জানান, পুরাতন এসব মন্দিরে তখনকার পুরোহিতরা গুপ্তধন লুকিয়ে রাখতেন। কেউ হয়তোবা সেই গুপ্তধনের খোঁজ পেয়ে তা খুঁড়ে নিয়ে গেছে। রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এক জোড়া জুতা ও মোজা জব্দ করা হয়েছে।