তানোর-আমনুরা সড়ক

কালভার্ট মেরামত না করায় চলাচল ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪২
রাজশাহীর তানোর-আমনুরা সড়কের মুন্ডুমালা ফরজ আলী মোল্লা কলেজের অদূরে বরেন্দ্র বহুমুুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি কালভার্ট ভেঙ্গে সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে বাস, ট্রাক, মিশুক, ভটভটি, টেম্পু ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। জানা যায় প্রায় ৬ মাস আগে সড়কের সঙ্গে ওই কালভার্টের সংস্কার কাজ হয়েছে। কিন্তু কাজের নিম্নমানের কারণে তা অল্প সময়ে ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়। সেখানে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই লেগে আছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে স্থানীয়রা লাঠির সঙ্গে রঙিন পলিথিন বেঁধে সতর্কতা জারি করেছে। অন্যদিকে চলাচলের জন্য উন্মুক্তের পরই রাজশাহী-তানোর সড়কের চকিরঘাট সেতুর বুকে কয়েকটি বড় গর্তের সৃষ্টি হয়। ওই গর্ত ইটের খোয়া দিয়ে অস্থায়ী মেরামত (ভরাট) করেই কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করেছে। এদিকে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় সেতুটির দু’পাশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী স্থানীয় সাংবাদিকদের বলেন, আমনুরা সড়কের কালভার্ট ভাঙ্গার ঘটনা তিনি জানেন না। শিগগিরই তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তানোর এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, অর্থ বরাদ্দ না থাকায় ক্ষতিগ্রস্ত চকিরঘাট সেতু ও তার দু’পাশ সংস্কার সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।