সিদ্ধিরগঞ্জে চারশ’ পরিবারের জমি দখলের চেষ্টা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪২
সিদ্ধিরগঞ্জে একটি মহল প্রায় ৪০০ রিফিউজি পরিবারের বসবাসের জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালী মহলটি সন্ত্রাসী লেলিয়ে ও ড্রেজার দিয়ে জোরপূর্বক তাদের জমি ভরাট করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে তারা দেড় একর জায়গা বালু ভরাট করেছে। ফলে এখন সেখানে বসবাসরত পরিবারগুলোর দিন কাটছে আতঙ্কে। জানা যায়, ১৯৬৪ সালে ভারতের আসাম ও কলকাতা থেকে আসা মুসলিম রিফিউজির ৬৬টি পরিবারকে পুনর্বাসন করা হয় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে সিদ্ধিরগঞ্জের চরশিমুল পাড়া এলাকায়। নাম দেয়া হয় চর সুমিলপাড়া আদর্শ গ্রাম। ৩ একর ১৭ শতাংশ জমি হুকুমদখল করে ১৯৮৩ সালে প্রতিটি পরিবারকে ৫ শতাংশ হিসাবে বন্টন করে উক্ত জমি গ্রামপ্রধান মোকসেদ আলীর নামে বরাদ্দ দেয়া হয়। বর্তমানে সেখানে ৪০০টি পরিবারের প্রায় দু’হাজার সদস্য বসবাস করছেন। এদের বেশিরভাগ দিনমজুর ও রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল জোরপূবর্ক মুসলিম রিফিউজিদের নিচু জমি ভরাট করে দখল করার পাঁয়তারা করছে। এর প্রতিকার চেয়ে গ্রামপ্রধান মোকসেদ আলী প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিকার পাননি। উল্টো স্থানীয় সন্ত্রাসীবাহিনী হুমকি দিচ্ছে। এলাকাবাসী জানান, উক্ত জমির পাশে ওষুধ কোম্পানী ওরিয়ন গ্রুপের একটি প্রতিষ্ঠান রয়েছে। উক্ত গ্রুপের লোকজন জোরপূর্বক তাদের জমি ভরাট করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। আদর্শ গ্রামের বাসিন্দা আলী আহাম্মেদ জানান, ১৯৮৪ সালে জমি বরাদ্দ পাওয়ার পর থেকে অদ্যাবধি ইস্টার্ন ডক নামের একটি প্রতিষ্ঠান জোরপূর্বক তাদের ১ একর ২৬ শতাংশ জমি দখল করে রেখেছে। বর্তমানে ওরিয়ন গ্রুপ আরো জায়গা দখলে নিচু জমি ভরাট করছে। প্রতিবাদ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। ফলে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।