গোয়ালন্দ ফরিদপুর তাড়াইল সড়কের কাজ শেষ হবে কবে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাথে ফরিদপুরের যাতায়াতের সহজ মাধ্যম গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কে গর্ত, খানাখন্দের কারণে যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। সড়ক সংস্কারের জন্য সোয়া ৩১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু গত নভেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও এখনো শেষ হয়নি। যদিও আবার কাজ শুরু হয়েছে। ফরিদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ মিয়ার(জে.ভি) অনুকূলে ২০১১ সালের ১০ মে কাজ শুরু করে ২০১২ সালের ১০ নভেম্বর মধ্যে তা শেষ করার কথা। সড়কের গোয়ালন্দের অংশে রয়েছে ৬ কিলোমিটার। গোয়ালন্দের ছব্দুল খাঁর পাড়ার মোমিন শেখ বলেন, সড়ক পাকা হওয়ার পর আর কাজ না হওয়ায় দুই বছরে সড়কের অর্ধেকটা ভেঙ্গে গাড়ি চলাচল বন্ধের উপক্রম হয়েছে। মোটর সাইকেলের নিচে পড়ে এক বৃদ্ধ মারা যান। স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছাত্তার বলেন, রাস্তার খারাপ হওয়ায় এলাকার লোকজন আমাকে গালাগাল করে। সড়কের বেহাল দশা সম্পর্কে চেয়ারম্যানকে বার বার বলেছি কর্তৃপক্ষকে জানাতে। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যেকোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ঠিকাদার ওয়াহিদ মিয়াকে মুঠোফোনে না পেয়ে অংশীদার খলিফা কামালের সাথে কথা বললে তিনি জানান, গত বছর প্রায় ৫কোটি টাকার মাটির কাজ করার পর সাড়ে ৪ কোটি টাকার বিল পেয়েছিলাম। ফান্ডে আর টাকা না থাকায় কাজ করতে পারিনি। নতুন করে সওজ’র ফান্ডে প্রায় ৭ কোটি টাকা আসায় কাজ শুরু করেছি। আমরা প্রায় ৮ কোটি টাকার কাজ করবো। তবে জানুয়ারির মধ্যে কাজ শেষ করতে পারবো বলে আশা করছি।