টমেটো চাষ করে স্বাবলম্বী মাজুল

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের একজন নিম্ন-মধ্যবর্তী কৃষক মাজুল। টমেটো চাষ করে এখন স্বাবলম্বী। নিজের জমিতে ধান চাষ করত। এ চাষ লাভজনক না হওয়ায় মোহনপুর কৃষি ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা আক্তারের পরামর্শে দুই বিঘা জমিতে এক বন্ধুর নিকট থেকে ৫ হাজার রাজা ও ষ্টার হাইব্রিড জাতের টমেটো নিয়ে রোপণ করে। এতে খরচ হয় ৭৩ হাজার টাকা। চারা রোপণের ৩ মাস পর নভেম্বর মাসেই ফলন শুরু হয়। এই পর্যন্ত প্রায় দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি করেছে। আরোও প্রায় দুই লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবে। টমেটোর পাশাপাশি ক্ষিরা ও বেগুন চাষাবাদের পরিকল্পনা করছে। টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছে বলে মাজুল ইসলাম জানান। তিনি জানান, সংসার চালিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। তার টমেটো ফলন দেখে গ্রাম ও আশেপাশের লোকজন টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছে। প্রতিদিন টমেটো কেনার জন্য জমিতে পাইকাররা ভীড় করছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক জানান, একজন কৃষক কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করলে অবশ্যই তার মধ্যে স্বাবলম্বীতা আসবে। মাজুল ইসলাম তারই একটি উদাহরণ।