ছাতকে কবর থেকে দু’বোনের লাশ উধাও!

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
ছাতকে একই সাথে আত্মহত্যাকারী দু’বোনের লাশ কবর থেকে উধাও হয়ে গেছে। গত মঙ্গলবার কবর থেকে লাশ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৯ ডিসেম্বর ছাতক পৌর শহরের নোয়ারাই-ইসলামপুর গ্রামের রিক্সাচালক জয়নুল হকের দু’মেয়ে তাহমিনা বেগম (১৮) ও নাছিমা বেগম (১৫) বাড়ির পাশের একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এক সাথে দু’বোনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সম্প্রতি পাশাপাশি কবর থেকে দু’বোনের লাশ উধাও হওয়ার গুঞ্জনে নতুন করে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দু’বোনের মৃত্যু নিয়ে প্রথম থেকেই নানা রহস্যের সৃষ্টি হয়েছিল। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সে সময় জনমনে প্রশ্ন দেখা দেয়। জোড়া খুনের ঘটনা বলেই কবর থেকে লাশ উধাও হয়েছে বলে তারা ধারণা করছেন। বর্তমানে কবর দুটিতে আবারো মাটি দিয়ে লোহার খাঁচায় ঢেকে রাখা হয়েছে। থানা-পুলিশ ও স্থানীয়রা কবর থেকে লাশ উধাও হওয়ার ঘটনা স্বীকার করেছেন।