গোপালপুর ফায়ার সার্ভিস

স্টেশন পুনঃস্থাপন না করায় ক্ষতি বাড়ছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনটি পুনঃস্থাপন না করায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর এ উপজেলার জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। জানা যায়, ১৯৭৫ সালে গোপালপুর পৌর শহরে ফায়ার সার্ভিস স্টেশন চালু হয়। গোপালপুর ছাড়াও মধুপুর, ঘাটাইল ও ধনবাড়ি উপজেলাকে এই সার্ভিসের আওতায় আনা হয়। কিন্তু পৌর শহরে ফায়ার সার্ভিসের স্থায়ী কার্যালয় স্থাপনের স্থান নির্বাচন নিয়ে রাজনৈতিক মতবিরোধ দেখা দেয়ায় এবং অস্থায়ী কার্যালয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় অবকাঠামোগত অসুবিধার অজুহাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্টেশনটি সাময়িক বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে স্থান নির্বাচন সমস্যার নিরসন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লোকবল ও বাজেট ঘাটতির অজুহাতে স্টেশনটি পুনঃ চালুতে অনীহা দেখায়। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, দমকল বাহিনী না থাকায় এ উপজেলায় অগ্নিকাণ্ডে প্রতি বছর বিপুল অঙ্কের জানমালের ক্ষয়ক্ষতি হয়। ২০১২ সালে ৬টি পৃথক অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা রোধেও প্রশাসন হিমশিম খায়। তিনি আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালুর দাবি জানান।