মঙ্গলবার রাতে কুমারখালির জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত অবস্থায় কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন চিকিত্সাধীন। ভর্তিকৃতরা হলেন- সাজেম প্রামাণিক (৫০), মিজানুর রহমান (৪৫), রফিকুল ইসলাম (৩৮) ও শেখর কুমার দে (২২)।
প্রকাশ, কয়েকদিন আগে স্থানীয়ভাবে বনভোজনকে কেন্দ্র করে দু’গ্রুপের বচসা হয়। এঘটনার জের ধরে ১৪ জানুয়ারি সন্ধ্যায় চাপাইগাছি গ্রামের সাবেক মেম্বার আবদুল কুদ্দুসের চার ছেলে রাসেল, সেলিম, শিমুল লেনিন লাঠিসোটা নিয়ে মহেন্দ্রপুর গ্রামের কালাম খানের ছেলে স্বচ্ছ (১৫) ও আবু হোসেন খানের ছেলে হিমেলকে(১৬) মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মারধর করে।
এঘটনার জের ধরে মঙ্গলবার রাতে কালাম খান ও আবু হোসেন খানের লোকজন কুদ্দুস মেম্বারের লোকজনের ওপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ দীর্ঘ পৌনে এক ঘণ্টা ধরে চলে।
