কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অশোভন আচরণের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রামু নাগরিক কমিটি। গতকাল বুধবার সকাল দশটায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বিগত ২৯ সেপ্টেম্বর রামুর সহিংস ঘটনা নিরসনে চরম ব্যর্থতা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের সাথে অশোভন আচরণ, প্রশাসনের নানা অনিয়ম-দুর্নীতি এবং তুচ্ছ ঘটনার জের ধরে মানসিক নির্যাতনে গৃহবধূ জ্যোতিকা বড়ুয়ার মৃত্যুর ঘটনায় দায়ী বিতর্কিত নির্বাহী কর্মকর্তা দেবী চন্দের অপসারণ ও শাস্তির দাবি করেন। কমিটির আহবায়ক ও সুজন রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রামু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলু, সৈকত বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, মোক্তার আলম হেলালী, কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, ইউনুস রানা চৌধুরী, ইউনুস খান, অধ্যাপক নীলোত্পল বড়ুয়া, শহীদুল্লাহ সিকদার, তারেক সরওয়ার, নুরুল আলম জিকু, সাংবাদিক সোয়েব সাঈদ, নাজমুল হক নাজু প্রমুখ। মানববন্ধনে রামুর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
আরও ২টি বুদ্ধমূর্তি উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলার থানা রোডস্থ মন্ডলপাড়া মাইমুন আলী মসজিদের পাশের ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় দু’টি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব জানায়, মূর্তি দুটি ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় রামুর বৌদ্ধ মন্দির থেকে লুট হয়েছিল। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত পিতলের বুদ্ধমূর্তি ২টির ওজন ৬৫০ ও ৫৬৫ গ্রাম, উচ্চতা ১৩ ও ১৫.৫ সেন্টিমিটার।
