ফুলবাড়ি গুদামে খালি বস্তা সংকট

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫১
দিনাজপুরের ফুলবাড়ি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) খালি বস্তা সংকটের কারণে বরাদ্দকৃত চাল সরবরাহ করতে পারছেন না স্থানীয় মিলাররা। খালি বস্তা সংকটের কারণে ১টন চালও সরবরাহ করতে পারেননি মিলাররা। ফলে প্রতিটি মিলেই পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ পড়ে রয়েছে। জানা গেছে, আমন চাল সংগ্রহ মৌসুমে উপজেলার ১৩৯টি মিলার ১৭ হাজার ১৪৯ টন চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু খাদ্য বিভাগের বস্তা সরবরাহকারী ঠিকাদার প্রয়োজনীয় সংখ্যক খালি বস্তা সরবরাহ না করায় স্থানীয় মিলাররা তাদের বরাদ্দকৃত চালের ১টনও সরবরাহ করতে পারেননি এ পর্যন্ত। অথচ চালের বাজার ঊর্ধ্বগতি হওয়ায় মিলারদের অনেকেই ইতোমধ্যেই তাদের মজুদ চাল খোলাবাজারে বিক্রি করতে শুরু করেছেন। এতে করে সরকারিভাবে নির্ধারিত চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিতে পারে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চাল সরবরাহ নিতে ১৭ হাজার ৬০০ খালি বস্তার প্রয়োজন। কিন্তু মজুদ রয়েছে মাত্র ৮ হাজার ৪০০ বস্তা। বস্তা সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান খালি বস্তা সরবরাহ না করায় খাদ্য বিভাগ মিলারদের কাছ থেকে চাল সরবরাহ নিতে পারছে না।