রাজশাহীতে বিড়ম্বনার মধ্য দিয়ে মালয়েশিয়া গমনেচ্ছুদের নিবন্ধন শুরু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫১
সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় চাকরির জন্য গমনেচ্ছুদের রেজিস্ট্রেশন রাজশাহী বিভাগের সকল জেলা, উপজেলার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গতকাল বুধবার একযোগে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় রাজশাহীর বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। তবে কম্পিউটার স্বল্পতা আর ইন্টারনেটের লাইনের ধীরগতি ও অনেক জায়গায় বিচ্ছিন্ন হওয়ার কারণে ৭১টি সেবা কেন্দ্রের বেশ কয়টিতে প্রথম দিনেই বেশ ভোগান্তিতে পড়তে হয় রেজিস্ট্রেশন করতে আসা মানুষদের। উল্লেখ্য, রাজশাহী বিভাগে সকল ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে আগামী শুক্রবার পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। পাবনার ৭২টি ইউনিয়নে নিবন্ধন শুরু পাবনা প্রতিনিধি জানান, জেলার ৭২টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে বুধবার থেকে উত্সবমুখর পরিবেশে শুরু হয়েছে মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের নিবন্ধন কার্যক্রম। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোতে নিবন্ধন চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আর লটারীর ফলাফল প্রকাশ করা হবে ১৯ জানুয়ারি। সুনামগঞ্জে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সুনামগঞ্জ প্রতিনিধি জানান, মালয়েশিয়া শ্রমিক পাঠানোর লক্ষ্যে সুনামগঞ্জের ৮৭ ইউনিয়নের ৮২ ইউনিয়নে আগ্রহীদের নাম রেজিস্র্বেশন বুধবার সকাল থেকে শুরু হয়েছে। সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন তথ্য কেন্দ্র ঘুরে দেখা গেছে, মালয়েশিয়া যেতে আগ্রহী শত শত মানুষ ভিড় করেছেন নাম নিবন্ধন করার জন্য। তথ্য কেন্দ্রগুলোতে ইন্টারনেটের গতি কম থাকায় নিবন্ধন করতে বিলম্ব হচ্ছে, আগ্রহীদের লাইনও দীর্ঘ হচ্ছে। কোথাও কোথাও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ওবায়েদ আহমদ বলেন, তথ্য কেন্দ্রে ফরম বিক্রি ও নিবন্ধন করার সময় অতিরিক্ত অর্থ দাবি করে নিবন্ধনকারীরা। বেশি টাকা দিলে নাকি যাওয়া নিশ্চিত হবে। তবে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, এব্যাপারে কেউ অভিযোগ করেনি আমার কাছে। রেজিস্ট্রেশন ১৮ তারিখ পর্যন্ত চলবে। ৩০ তারিখ রেজিস্ট্রেশনধারীদের লটারি হবে।