কক্সবাজারের চকরিয়ায় একটি শপিং সেন্টারের অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ৬টি দোকানের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র। লুট করে নিয়ে গেছে নগদ টাকা ও কম্পিউটার এবং একটি ফটোষ্ট্যাট মেশিন। গত রবিবার রাতে উপজেলার জনতা শপিং সেন্টারে এ হামলা ও লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের পরিচালক জাফর আলম বাদি হয়ে মঙ্গলবার উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ লাখ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে পৌরশহরের জনতা মার্কেট এলাকার শামসুল আলম, তার সহযোগী ফাইছুর, মোরশেদ, খোরশেদ ও এরশাদসহ অজ্ঞাতনামা ১৫ সন্ত্রাসীকে। বাদীর নালিশী মামলা আমলে নিয়ে ম্যাজিষ্ট্রেট মো.সাইফুল এলাহী তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চকরিয়া থানার পরিদর্শককে (তদন্ত) নির্দেশ দিয়েছেন।
