জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে নবীন বরণ অনুষ্ঠানে সংঘর্ষ হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত ২০১২-১৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ আব্দুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিকেল ৪টায় কলেজ ছাত্রলীগ কর্মী দ্বাদশ শ্রেণীর ছাত্র অসীম চন্দ ও ছাত্রদল কর্মী দ্বাদশ শ্রেণীর ছাত্র রুহেল আহমদের মধ্যে সংগীত মঞ্চে উঠাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় হাতাহাতি, চেয়ার ছুঁড়াছুঁড়ি ও রড নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা আত্মরক্ষার্থে কলেজের একাডেমিক ভবনে আশ্রয় নেয়। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুস ছামী অহি (১৯), রুবেল আহমদ (২২) ও জুবেল আহমদ (১৮) আহত হয়।
