আজ ঐতিহাসিক তে-ভাগা আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি অমল সেনের ১০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আজ থেকে নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘অমল সেন স্মরণ মেলা’। আজ দুপুরে অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে মেলা শুরু হবে। মেলায় থাকছে কৃষক সমাবেশ, আলোচনা এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ধক্যজনিত কারণে ২০০৩ সালের ১৭ জানুয়ারি ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আহবায়ক ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও যশোর জেলা সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে অমল সেন স্মরণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
১৯১৪ সালের ১৯ জুলাই নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন কমরেড অমল সেন। তিনি ছিলেন চিরকুমার। নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের জমিদার বংশের সন্তান হয়েও খুব সাদাসিধে জীবনযাপন করতেন তিনি।
