কল্পনা চাকমা অপহরণ মামলায় অধিকতর তদন্তের নির্দেশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৬
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্তের জন্য রাঙ্গামাটি পুলিশ সুপারকে আদেশ দিয়েছে আদালত। মামলার বাদীর আইনজীবী জুয়েল দেওয়ান আদালতের দেয়া এ আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন। গতকাল বুধবার এ মামলায় সিআইডির দেয়া রিপোর্টের উপর অপহূত কল্পনা চাকমার ভাই কালিন্দী চাকমার দেয়া নারাজি দাবি গ্রহণ করে এ মামলার অধিকতর তদন্তের জন্য রাঙ্গামাটি পুলিশ সুপারকে ২৩ মার্চের মধ্যে রিপোর্ট দেয়ার আদেশ দেন আদালত। গত ২৬ সেপ্টেম্বর সিআইডি এ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেয়ার পর গত ১৩ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হয়। ঐদিন রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কল্পনা অপহরণ মামলার সিআইডির তদন্ত রিপোর্টের শুনানিতে নারাজি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেন বাদীর আইনজীবীরা। এ বিষয়ে আদালতে গতকাল আদেশ দেয়ার দিন ধার্য ছিল। ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুদৌলাহ কুতুবী আদালত বাদীপক্ষের নারাজি গ্রহণ করে মামলার আরো অধিকতর তদন্তের নির্দেশ দেন । ১৯৯৬ সালের ১২ জুন গভীর রাতে রাঙ্গামাটির বাঘাইছড়ি থানাধীন নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে হিল উইমেন ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহূত হন।