জামায়াতের তিন নেতার রিভিউ আবেদনের ওপর আদেশ ২১ জানুয়ারি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৭
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা পুনরায় শুরুর আবেদনের খারিজ আদেশের পর আসামিপক্ষের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের ওপর শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। শুনানি শেষে আগামী ২১ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। গোলাম আযম, নিজামী ও সাঈদীর মামলা পুনর্বিচারের আবেদন গত ৩ জানুয়ারি খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। এই তিন জামায়াত নেতার পক্ষে তাদের আইনজীবীরা ১০ জানুয়ারি ট্রাইব্যুনালের খারিজ আদেশের পর রিভিউ আবেদন করেন। একই ধরনের আবেদন হওয়ায় গত মঙ্গলবার থেকে তিনটি আবেদনেরই শুনানি একসঙ্গে শুরু হয়। আসামিপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক প্রথম দিন আবেদন তিনটির পক্ষে শুনানি করেন। আর নিজামীর অংশের আবেদনের বিপক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর ইকবাল হোসেন। সাঈদীর অংশের আবেদনের বিপক্ষে গতকাল শুনানি করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। তিনি বলেন, যারা স্কাইপ ডকুমেন্ট ব্যবহার করতে চান তাদেরই এর সত্যতা প্রমাণ করতে হবে। এটা একটা অনিরাপদ ডকুমেন্ট। এর কোন মূল্য নেই। তাই নতুন করে বিচারের যে আবেদন খারিজ করে দেয়া হয়েছে সে আদেশ পুনরায় বিবেচনার কোন সুযোগ নেই। জবাবে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, এটা প্রমাণের দায়িত্ব আমাদের নয়। আমাদের দায়িত্ব ডকুমেন্ট হাজির করা। আজ পর্যন্ত স্কাইপ কথোপকথন কেউ অস্বীকার করেননি। কাজেই এটি প্রতিষ্ঠিত এবং সত্য ডকুমেন্ট। এদিকে, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী গতকাল পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে আনা ১৯টি অভিযোগের মধ্যে ১৬টির বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৬ ডিসেম্বর সাঈদীর মামলার রায় যে কোনো দিন দেয়া হবে উল্লেখ করে মামলাটির রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখে ট্রাইব্যুনাল-১। পরে বেলজিয়াম প্রবাসী আইনজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথনের খবর প্রকাশ হলে আসামিপক্ষ জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামী ও সাঈদীর বিচার নতুন করে শুরুর আবেদন করে। এ আবেদন গত ৩ জানুয়ারি খারিজ করে দেয় ট্রাইব্যুনাল-১। তবে সাঈদীর মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক পুনরায় উপস্থাপনের নির্দেশ দেয়। আদেশ অনুযায়ী রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে।