চার বছরে সরকার ৯০ ভাগ সফল

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:২৬
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, মহাজোট সরকার গত চার বছরে শতভাগ সফল না হলেও ৯০ শতাংশ সফলতা অর্জন করেছে। আজ থেকে চার বছর আগে পৃথিবীতে বাংলাদেশের যে অবস্থান ছিল, অর্থনীতি থেকে শুরু করে মানবাধিকার, আইন-শৃঙ্খলা এমনকি দুর্নীতি দমনসহ প্রতিটি ক্ষেত্রে দেশকে আমরা উচ্চতর শিখরে নিয়ে গেছি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা একাডেমি আয়েজিত ‘ঐতিহাসিক ৬-দফা: প্রেক্ষিতে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ঠান্ডু। ফারুক খান বলেন, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলছি। তবে নির্বাচনী অঙ্গীকারের একশ’ ভাগ দায়িত্ব পালন করেছি এ কথা বলব না। তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিমান মন্ত্রী বলেন, গত নির্বাচনের মতো এবারও সজাগ থাকতে হবে যেন, যুদ্ধাপরাধী ও জঙ্গী গোষ্ঠী আবার ক্ষমতায় আসতে না পারে।