সাভারে কলেজ ছাত্রীকে গণ-ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত জাহিদুল ইসলাম রাজুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের একটি দল বরগুনা থেকে তাকে গ্রেফতার করে। রাজুকে নিয়ে এই মামলায় মোট ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর বান্ধবী লিজা ওরফে সূচীও রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের রিমান্ডে নেয়া হয়েছে।
গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও শ্যামল কুমার মুখার্জি। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ভিকটিম সাভারের একটি কলেজের ছাত্রী। তার সঙ্গে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র জাহেদ ওরফে রাজুর মোবাইল ফোনে সম্পর্ক হয়। এরই পরিপ্রেক্ষিতে ভিকটিমকে ২৫ নভেম্বর সাভার থানার ব্যাংক কলোনি এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। এ সময় ভিকটিমকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করে রাজু ও তার বন্ধুরা। পরে রাজু ওই ভিডিও চিত্রটি তার বন্ধু দানেশকে দিলে দানেশ ভিডিও চিত্রটি ভিকটিমের মায়ের কাছে দিয়ে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে বাজারে ছেড়ে দেয়ার হুমকিও দেয় তারা। এই ঘটনার পর ভিকটিমের মা ফাতেমা বেগম বাদী হয়ে ৩ জানুয়ারি সাভার থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর থেকে আসাদুজ্জামান দানেশ (৩৫), ভিকটিমের বান্ধবী লিজা ওরফে সূচী (১৮), রায়হান (২২), মহিদুর রহমান (২০) এবং ওয়াসিমকে আটক করা হয়। তারা রিমান্ডে রয়েছে। হাবিবুর রহমান বলেন, আসামিদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মূল আসামি জাহিদুল ইসলাম রাজু বরগুনায় তার খালু রিপনের বাড়িতে অবস্থান করছে, এ খবরের ভিত্তিতে ১৩ জানুয়ারি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলায় গ্রেফতারকৃতরা সবাই এজাহারভুক্ত আসামি। জাহিদুলকে গ্রেফতারের পর সে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
